Read more
নারীর শোভনতনুর কাব্য
কবি : আব্দুল মুসরেফ খাঁন
পরিপাটি ওই বসন সাজে ফুটেছে স্নিগ্ধ আলো,
তোমায় দেখে থমকে দাঁড়ায় ভুবন লাগে ভালো।
আঁচল যখন লুটিয়ে পড়ে মাটির ধুলোর পরে,
সহস্র প্রেম ছন্দ হয়ে কবির খাতায় ঝরে।
ভব্য ছাঁদের পোশাক তলে শরীরী এক ছন্দ,
আভিজাত্যের ঘ্রাণে মাতে আকুল এ আনন্দ।
অঙ্গভঙ্গি মন্থর অতি, গাম্ভীর্যে ভরা প্রাণ,
তোমার রূপে মুগ্ধ পুরুষ গায় যে মায়ার গান।
শোভন সাজে বাঁধলে তুমি হৃদয় করার জয়,
উগ্রতাহীন রূপের ছটায় চিত্ত বিলীন হয়।
কুঞ্চিত ওই কেশের ভারে হিরণ বসন কাঁপে,
পুরুষ হৃদয় প্রহর গোনে তোমার পদছাপে।
চোখের চাওয়ায় আবেশ ঘোরে, পোশাকে রুচির ছাপ,
শান্ত মনে জাগিয়ে তোলে মধুর পরিতাপ।
কেমন করে সুবিন্যস্ত এই যে মায়ার জাল,
তোমায় দেখে হারায় দিশা বর্তমান ও কাল।
অঙ্গ তোমার তীর্থ যেন, সাজে দেবীর মতো,
নত মস্তকে দেখছে পুরুষ মুগ্ধ অবিরত।
পরিপাটি এ রূপের মোহে রইল অমর টান,
তুমিই প্রিয়ে কাব্যের মূল, তুমিই ধ্রুপদী গান।
0 Reviews