Read more
নারীর মায়াবিনী আঁখির দহন
কবি : আব্দুল মুসরেফ খাঁন
গভীর রাতে নক্ষত্রেরা হারায় যখন দিশা,
তোমার চোখে নামে দেখি আদিম কালনিশা।
কৃষ্ণচূড়ার রক্তাভ ঢেউ ঠোঁটের কোণে হাসে,
বিবাগী মন মরণ টানে তোমার দিকেই আসে।
সে দুটি চোখ— অতল দীঘি, মায়ায় ভরা ফাঁদ,
যাতে বন্দি জোছনা মাখা পূর্ণিমারি চাঁদ।
পলক যখন পড়ে তোমার ভুরুর ধনু তলে,
হাজার পুরুষ হূদয় জ্বলে কামনারই অনলে।
উন্মুক্ত ওই স্কন্ধ দেশে অলকগুচ্ছ দোলে,
মুক্তো ঝরে অঙ্গভঙ্গি, ছন্দে হৃদয় খোলে।
কেমন করে বাঁধলে তুমি শরীরী ওই টানে?
সব পুরুষই নিপাত যায় ঐ কটাক্ষের বাণে।
নিটোল তনুর ভাঁজে লুকায় সহস্র অভিশাপ,
স্পর্শ দিতে গেলেই বাড়ে বুকের হাহাকার আর কাঁপ।
আকর্ষণের প্রবল স্রোতে ভাসছে তরী মোর,
তুমিই প্রিয়ে আদিম তৃষ্ণা, তুমিই নিবিড় ঘোর।
পদ্দী চোখের গহীন কোণে যে আগুন আজ জ্বলে,
পুড়ুক তবে সব আয়োজন তোমার পদতলে।
মায়াবী ওই রূপের মাঝে বিলীন হতে চাই,
তোমার দেহ-অরণ্যে মোর মুক্তি খুঁজে পাই।
0 Reviews