Read more
নারীর সুরলতা: কণ্ঠের মায়াজাল
কবি : আব্দুল মুসরেফ খাঁন
নিস্তব্ধ এই নির্জনতায় যখন কথা বলো,
হৃদয় গহিন অরণ্যে মোর প্রদীপ ওঠে জ্বলো।
শরীরের ওই খাঁজে খাঁজে সৌন্দর্যেরই মেলা,
তার চেয়েও মধুর লাগে তোমার কণ্ঠের খেলা।
কোমল গলার স্বরটি যেন বসন্তের ওই গান,
শুনে আমার ব্যাকুল হূদয় হারায় সকল জ্ঞান।
কথা নয় তো— মুক্তো ঝরে সুরের তটিনী বেয়ে,
মুগ্ধ পুরুষ চেয়ে থাকে তোমার চোখের পানে চেয়ে।
অঙ্গভঙ্গি চপল তোমার, রূপের জোয়ার লাগে,
মিষ্টি স্বরের পরশ পেলে তীব্র কামনা জাগে।
কোকিলকণ্ঠী মায়ায় যখন ডাকো তুমি কাছে,
নিখিল ভুবন তুচ্ছ লাগে তোমার নামের পাছে।
শারীরিক ওই লাবণ্য আর গলার ঐ তান,
কেড়ে নেয় মোর ঘুমের বিলাস, জুড়ায় পরান।
আকুল স্বরে সোহাগ যখন দাও তুমি ওই ঢেলে,
পাগল পুরুষ হারিয়ে যায় তোমার মায়ায় পেলে।
রিনঝিন ওই সুরের মূর্ছনা বুকের বামে বাজে,
তোমার মতো রূপসী নেই এই ধরণীর মাঝে।
তৃষ্ণার্ত এই পুরুষ হূদয় সুরের সুধায় হাসে,
তোমায় পাওয়ার তীব্র নেশায় কেবল তোমায় ভালোবাসে।
বিমুগ্ধ এই মৌনবেলায় কেবল তোমার স্বর,
ভেঙে দেয় মোর নিঃসঙ্গতার কঠিন বালুচর।
তোমার দেহের ছন্দে আর কণ্ঠের ঐ টানে,
জীবন আমার সঁপে দিলাম তোমার চরণ পানে।
0 Reviews