Read more
নারীর সুর-লহরীর মোহিনী মায়া
কবি : আব্দুল মুসরেফ খাঁন
নিথর রাতের নিস্তব্ধতায় যখন পৃথিবী ঘুমায়,
তোমার কণ্ঠের পরশ এসে আমার হূদয় ছুঁয়ায়।
সে যেন এক বসন্তেরই মেঘমল্লার রাগ,
মুহূর্তে ধুয়ে দেয় মনের যতো জমানো অবসাদ।
শারীরিক ওই লাবণ্য তোমার ছড়ায় রূপের জ্যোতি,
অঙ্গভঙ্গি বলে যায় এক অলিখিত মিনতি।
কিন্তু যখন কথা বলো তুমি ওষ্ঠাধর খুলে,
সহস্র পুরুষ দিশা হারায় আপন ঠিকানা ভুলে।
মধুর সে স্বর— যেন নিক্কন কোনো রূপালী ঝরনার,
বুকে জাগিয়ে দেয় শিহরণ, ভেঙে দেয় সব ধার।
কোকিলের কুহুতান যেন হার মানে ওই সুরে,
উন্মাদ মন হারায় দিশা তোমার অনেক দূরে।
সে কি কোনো বাঁশির সুর নাকি মায়াবী আহ্বান?
মরুর বুকে বর্ষার মতো জুড়িয়ে দেয় প্রাণ।
তোমার কণ্ঠের প্রতি ভাঁজে লুকানো এক নেশা,
যাতে মিশে আছে গভীর প্রেম আর কামনার দুরাশা।
সুঠাম গ্রীবার অলঙ্কার হয়ে শব্দ যখন ঝরে,
পুরুষের এই তৃষিত আত্মা তোমার পায়ে পড়ে।
আকর্ষণের প্রবল ঝড়ে যখন শরীর কাঁপে,
শান্ত হয় তা তোমার স্বরের গভীর অনুতাপে।
চাই না কোনো রত্নরাজি, চাই না মণির হার,
তোমার কথার গুঞ্জনে মোর মিটুক সকল ধার।
ঐ মিষ্টি স্বরের মায়ায় আমি চিরকাল বন্দি,
তোমার সুরেই মিশে আছে প্রেমের মহৎ সন্ধি।
0 Reviews