Read more
নারীর নীলিমার অতল দিঘি
কবি : আব্দুল মুসরেফ খাঁন
শরৎ মেঘের ছায়ায় ঘেরা ওই যে মায়াবী চোখ,
ওখানেই বুঝি জমা হয়ে আছে বিশ্বের সব শোক।
অঞ্জন আঁকা পল্লব মাঝে লুকিয়ে অসীম টান,
দৃষ্টিপাতে বিদীর্ণ হয় সহস্র প্রেমিকের প্রাণ।
পলক পড়িলে থমকে দাঁড়ায় সময়ের রথচক্র,
ওই দু’নয়নে লুকিয়ে আছে যে সহস্র পথ বক্র।
চাহনি তোমার গভীর মায়ায় সমুদ্রসম স্থির,
আমি তৃষ্ণার্ত চাতক হয়ে খুঁজি যে তোমার তীর।
ঈষৎ হাসির বাঁকটি যখন ওষ্ঠে ফুটিয়ে তোলো,
ভুলে যাই সব পার্থিব কথা, হৃদয় দুয়ার খোলো।
তড়িৎ লতার মতো চপল ওই অঙ্গভঙ্গির সাজ,
মরু বুকে যেন মেঘের গর্জনে শুরু হয় কারুকাজ।
হৃদয় গহীনে বেজে ওঠে সুর তোমার নূপুর তালে,
রঙিন স্বপ্ন তরী বেয়ে যাই তোমার রূপের পালে।
তোমার চোখের অতল গহীনে হারাতে রাজি আমি,
পৃথিবীর সব ঐশ্বর্যের চেয়েও সে আঁখি দামি।
সমর্পণ আজ আমার সত্তা তোমার ওই চরণে,
বেঁচে থাকতে চাই আমি সখা, তোমার মায়ার মরণে।
দৃষ্টি যখন স্থির হয়ে রয় আমার এ মুখপানে,
অজানা শিহরণ জেগে ওঠে শত সহস্র গানে।
প্রেমের দহনে পুড়ে হই খাক, তবুও নেইকো ভয়,
তোমার চোখের নীলিমাতেই হোক আমার পরাজয়।
গ্রহ-নক্ষত্র সাক্ষী থাকুক এই মিনতির ক্ষণে,
তোমায় ছাড়া শান্তি নেই গো আমার এ ত্রিভুবনে।
0 Reviews