নারীর মায়াবী চোখের মরীচিকা

নারীর মায়াবী চোখের মরীচিকা

Size

Read more

 



নারীর মায়াবী চোখের মরীচিকা

কবি : আব্দুল মুসরেফ খাঁন



নিঝুম রাতের মায়াবী আলোয়, তোমার নয়ন মণি,

অতল সাগরের গভীরতা যেন, হৃদয়েতে দেয় ধ্বনি।

কৃষ্ণপক্ষের কাজলা মেঘ কি ও দুটি চোখের পাতায়?

হাজারো কাব্য লুকায়ে আছে তোমার চোখের পাতায়।

মদির চাহনি, মায়াবী ইশারা— যেন এক মায়াজাল,

ওই দৃষ্টিতে থমকে দাঁড়ায় জীবনের মহাকাল।

পলক পড়িলে পৃথিবী স্তব্ধ, চঞ্চল হয় প্রাণ,

অজানা নেশায় মত্ত এ মন, গায় তব জয়গান।

শঙ্খশুভ্র ললাট তোমার, কেশে মেঘের ছায়া,

অঙ্গভঙ্গি শিখায় যেন প্রকৃতির নিগূঢ় মায়া।

প্রতিটি ভাঁজে ছন্দ জাগে, ঝংকারে ওঠে হিয়া,

পুরুষ হৃদয় ব্যাকুল হয় তোমারি পরশ পিয়া।

আকুল তিয়াশা জাগে এ মনে ওই নীলিমার পানে,

যেখানে ডুবলে মুক্তি মেলে বিরহী কবির গানে।

মায়াবী চোখের কাজল রেখায় বন্দী হাজারো রাত,

একটু হাসিতেই পূর্ণিমা নামে, ঘুচে যায় আঁধারে রাত।

তুমি যে রূপসী চিরন্তন এক রহস্যময়ী নারী,

তোমার ওই চোখের অতলে হারাই আমি বারে বারি।

সৌন্দর্য নয়, যেন এ এক স্বর্গীয় মায়াতোর,

যেখানে হারালে খুঁজে পাওয়া দায় জীবনের অন্তিম ঘোর।


0 Reviews