Read more
নারীর চশমায় ঘেরা রাজকীয় মায়া
কবি : আব্দুল মুসরেফ খাঁন
হিরণ্ময় সেই দীপ্ত ললাট, নয়নে চশমার ফ্রেম,
আভিজাত্যের আবরণে ঢাকা এক চিরন্তন প্রেম।
কাঁচের ওপাড়ে কাজল-কালো ওই চোখের অতল ভিড়,
সেথা থমকে দাঁড়ায় চঞ্চল মন, হারায় আপন নীড়।
নাসিকা ডগায় রূপালি বাঁধন, বুদ্ধির দীপ্তি জ্বলে,
গাম্ভীর্য তার অঙ্গভঙ্গি— আভিজাত্যের কথা বলে।
সরল রেখায় টানা সে ভুরু, স্থির আর সপ্রতিভ,
পৌরুষ হারে সেই চাউনিতেই, যা মৌন ও সজীব।
মৃদু হাসিতে যখন সে নারী ঠিক করে চশমাখানি,
সে যেন এক দক্ষ শিল্পীর শ্রেষ্ঠ চিত্রবাণী।
আঙুলের ছোঁয়ায় আভিজাত্য, শাড়ির আঁচল ঘোরে,
সহস্র পুরুষ মুগ্ধ নয়নে রয় সে মায়ায় ঘোরে।
চটুল রূপের ভিড়ে সে যেন এক ধ্রুপদী সুরের তান,
বুদ্ধিদীপ্ত সৌন্দর্যে সাজানো তার আভিজাত্যের গান।
চশমা কি শুধু চোখের ভূষণ? না কি এক স্বচ্ছ ঢাল?
যার ওপাশে লুকানো রয়েছে রূপসী জাদুর কাল।
সেই মোহিনী রূপের কাছে প্রেম যাচে মৌন বর,
চশমা পরা নারীর মাঝে পুরুষ খোঁজে ঘর।
গম্ভীর সেই অঙ্গভঙ্গি, রাজকীয় চলন-বলন,
হৃদয়ে জাগায় শুদ্ধ নেশা, এক অপূর্ব দহন।
0 Reviews