Read more
নারীর সিঁদুররঙা আভিজাত্য
কবি : আব্দুল মুসরেফ খাঁন
গোধূলি আলোয় রাঙা ওই ললাট পট,
যেন শান্ত দিঘির পাড়ে এক দেবীর ঘাট।
সেথায় একটি বিন্দু— আগুনের মতো লাল,
থমকে দিয়েছে পুরুষের সকল মহাকাল।
ভ্রূ-পল্লবে মেখেছো তুমি স্নিগ্ধ কালো মেঘ,
নয়ন কোণে লুকানো আছে গভীর আবেগ।
শাড়ির ভাঁজে আভিজাত্যের এক নিপুণ কারুকাজ,
মৌন ঠোঁটে মিশে আছে কত সহস্র লাজ।
কপালে ওই ছোট্ট টিপ, এক বিন্দু সিঁদুর,
তোমার পানে চাইলে পুরুষ— স্বপ্ন দেখায় সুদূর।
অঙ্গভঙ্গিতে যেন ঝরে বনের হরিণীর চাল,
মুহূর্তে বদলে দাও তুমি হৃদয়ের হালচাল।
হাতের কঙ্কণ বাজে কিম্বা বাজে নূপুর,
তোমার মায়ায় পথ হারায় অলস দুপুর।
আকর্ষণ সে তো নয় শুধু দেহের গড়ন,
তোমার ব্যক্তিত্বে লুকিয়ে আছে শ্রেষ্ঠ হরণ।
টিপের লাল রঙে রাঙাও তুমি পুরুষের পৃথিবী,
তুমিই প্রেয়সী নারী, তুমিই শ্রেষ্ঠ এক মহাকাব্যিক ছবি।
0 Reviews